প্রকাশিত: 23 August, 2025
সর্বশেষ আপডেট : 23 August, 2025

পলিথিন কারখানা বন্ধ করতে গেলে আক্রমণ করা হয়: রিজওয়ানা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অভিযোগ করেছেন, চকবাজারে পলিথিন উৎপাদন বন্ধ করতে গেলে তার সহকর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। আর এক বছর পর র‌্যাবের মহাপরিচালক কারওয়ান বাজারে পলিথিন শপিং ব্যাগ বিক্রি বন্ধে উদ্যোগ নেন।

শনিবার (২৩ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘রাজধানী ঢাকার টেকসই উন্নয়নে বিকেন্দ্রীকরণ ও পরিবেশ সুরক্ষা’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় তিনি এ অভিযোগ করেন।

রিজওয়ানা হাসান জানান, পলিথিনের ব্যবহার কমাতে এখন সরকারি বিভিন্ন সংস্থা সক্রিয়ভাবে কাজ করছে। গত এক বছরে নানা ঝুঁকি মোকাবিলা করে সরকার গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগের সুফল ভবিষ্যতে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তার মতে, পলিথিন শপিং ব্যাগ বন্ধ না হওয়ার পেছনে দুটি কারণ রয়েছে—একটি উৎপাদন সমস্যা, অন্যটি ভোক্তা সমস্যা। তিনি বলেন, ‘সরকার সচেতনতার ঘাটতি রাখেনি, তবে জনগণকেও নিজেদের দায়িত্ব পালন করতে হবে।’

তিনি আরও বলেন, পরিবেশ দূষণ কমাতে শিল্প উদ্যোক্তাদের সচেতন হতে হবে। পাশাপাশি দূষণকারী শিল্প-কারখানা বন্ধ করার আহ্বান জানান তিনি। ঢাকার জনসংখ্যার চাপ কমাতে আশপাশের শহরগুলোকে স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন।

রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘টেকসই ঢাকা গড়তে হলে পুরো দেশকেই টেকসই করতে হবে।’ রাজধানীতে কর্মসংস্থানের বিকল্প না থাকায় এর ওপর চাপ ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। ঢাকার উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও সব উন্নয়ন কার্যক্রম এক সংস্থার আওতায় আনার প্রস্তাব দেন তিনি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ড. আদিল মোহাম্মদ খান বলেন, ঢাকার উন্নয়নকে রাজধানীর বাইরে নিতে হবে। এজন্য প্রান্তিক এলাকার অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নয়ন পরিকল্পনা ও তার কার্যকর বাস্তবায়ন জরুরি।

রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ঢাকার রাস্তায় যান্ত্রিক ও অ-যান্ত্রিক যানবাহনের কারণে অসহনীয় যানজট তৈরি হচ্ছে। এর দ্রুত সমাধান প্রয়োজন। তিনি রাজধানীর বাইরে স্যাটেলাইট শহর গড়ে তোলার পরামর্শ দেন এবং এ খাতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার মত দেন।

ডিসিসিআই’র সাবেক সহ-সভাপতি এম আবু হোরায়রাহ বলেন, প্রতিদিন জীবিকা ও অন্যান্য চাহিদায় অসংখ্য মানুষ ঢাকায় আসায় শহর ধ্বংসের মুখে পড়ছে। তাই বিকেন্দ্রীকরণ ছাড়া বিকল্প নেই।

বুয়েটের অধ্যাপক ড. মো. শামসুল হক মনে করেন, গণপরিবহন উন্নয়ন না করে বড় বড় মেগা প্রকল্পে জোর দেওয়ায় ব্যয় বেড়েছে, তবে তা জনগণের কাজে আসছে না। এজন্য সুষম ও সমন্বিত পরিকল্পনার কাঠামোগত সংস্কার প্রয়োজন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, রাজধানীতে জলাবদ্ধতার মূল কারণ শনাক্ত হয়েছে। তবে এর স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। তিনি জানান, পলিথিন ব্যবহারের উচ্চ হারই জলাবদ্ধতার অন্যতম কারণ। এ সমস্যা সমাধানে জনগণকেও নাগরিক দায়িত্ব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন