
এশিয়া কাপ শুরু হতে আরও সপ্তাহ দুয়েক বাকি। তবে টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কথার লড়াই এরই মধ্যে শুরু হয়ে গেছে। আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে দেখা হবে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। কোহলি–রোহিতবিহীন ভারতকে সতর্ক করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাজিদ খান।
বাজিদের মতে, বিরাট কোহলি ও রোহিত শর্মার অনুপস্থিতি ভারতের জন্য বড় ধাক্কা হবে। শুধু দাবি করেছেন, অধিনায়ক সূর্যকুমার যাদবও পাকিস্তানের বিপক্ষে কার্যকর নন। পিটিভি স্পোর্টসে বাজিদ বলেন, ‘ভারতের দলে থাকা সবাই বিশ্বমানের ক্রিকেটার। কিন্তু কোহলি ও রোহিত যে উচ্চমাত্রার তীব্রতা খেলায় আনতেন, সেটা এবার দল থেকে হারিয়ে যাবে। ভারত নিশ্চিতভাবেই সেটি মিস করবে।’
সূর্যকুমারের পারফরম্যান্স টেনে বাজিদ বলেন, ‘সুর্যকুমার প্রায় সব দলের বিপক্ষে রান করেন। কিন্তু পাকিস্তানের বিপক্ষে কোনোভাবে কার্যকর হতে পারেননি। সেটা আমাদের পেস আক্রমণ হোক বা অন্য কিছু, বিষয়টা ভারতের জন্য সমস্যা বটে।’
বাজিদ ভারতের আরেকটি বড় ঘাটতির দিকও তুলে ধরেন—রবীন্দ্র জাদেজার অনুপস্থিতি। তাঁর ভাষায়, ‘সবাই কোহলি ও রোহিতের কথা বলছে, কিন্তু জাদেজা ছিলেন সেই ক্রিকেটার যিনি পুরো দলকে একসঙ্গে বাঁধতেন। অক্ষর প্যাটেল আছে, কিন্তু জাদেজা আপনাকে ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও যে ভারসাম্য দিতেন, তা কেউ দিতে পারবে না। বিশ্ব ক্রিকেটে জাদেজা সেরা এক–দুই ফিল্ডারের একজন।’
বাজিদের মতে, এশিয়া কাপে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সঠিক সমন্বয় খুঁজে বের করা। শুধু অনুপস্থিতি কাটানোই নয়, বরং চাপের ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখা হবে তাঁদের আসল পরীক্ষা।
আপনার মতামত লিখুন :