
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত উইমেন’স চ্যালেঞ্জ লিগের শেষ ম্যাচেও হলো না বড় রান। তবে ব্যক্তিগতভাবে রানের দেখা পেলেন শারমিন সুলতানা ও স্বর্ণা আক্তার। দুজনই খেললেন পঞ্চাশছোঁয়া ইনিংস।
বিকেএসপির ৩ নম্বর মাঠে বৃহস্পতিবার টুর্নামেন্টের শেষ ম্যাচে বিসিবি লাল দলকে ২ উইকেটে হারায় বিসিবি সবুজ দল। আগে ব্যাট করে ১৩ বল বাকি থাকতে ১৫৫ রানে গুটিয়ে যায় শারমিনের লাল দল। জবাবে ৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় স্বর্ণার লাল দল।
চার ম্যাচে এটিই লাল দলের একমাত্র জয়। সবুজ দলও জিতেছে একটি মাত্র ম্যাচ। টুর্নামেন্টের তৃতীয় দল ছিল ছেলেদের অনূর্ধ্-১৫ জাতীয় দল। তারা চার ম্যাচের সবকটি জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে লাল দলকে একাই টেনে নেন শারমিন। তার উদ্বোধনী সঙ্গী ইশমা তানজিম ৩২ বলে ১৭ রান করে আউট হন।
এরপর হতাশ করেন সুমাইয়া আক্তার (৯), নিগার সুলতানা জ্যোতি (৯), রিতু মনি (৬), মিষ্টি রানি (৯), ফাহিমা খাতুনরা (০)। ফলে বেশি বড় হয়নি লাল দলের সংগ্রহ।
নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন শারমিন। ১২১ বলে ৪ চারে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। চার ম্যাচে ১২৬ রান নিয়ে তিনিই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক।
সবুজ দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্বর্ণা। ফারিহা তৃষ্ণার শিকার ২ উইকেট।
রান তাড়ায়ও অগ্রণী ভূমিকা রাখেন স্বর্ণা। ৮ চারের সঙ্গে ১ ছক্কায় ৫৬ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তরুণ অলরাউন্ডার। শেষ দিকে আফিয়া আসিমা ইরা ২৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
এছাড়া সোবহানা মোস্তারি ১৪ ও ফারজানা হক পিঙ্কি ১৩ রান করেন।
লাল দলের হয়ে ৩টি করে উইকেট নেন ফাহিমা ও বিশ্বকাপ দল থেকে বাদ পড়া জান্নাতুল ফেরদৌস সুমনা।
উইমেন’স চ্যালেঞ্জ লিগ শেষে এখন সপ্তাহখানেকের বিশ্রামে থাকবেন নারী ক্রিকেটাররা। এরপর সিলেটে বিশ্বকাপের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু করবেন তারা।
আপনার মতামত লিখুন :