প্রকাশিত: 12 September, 2025
সর্বশেষ আপডেট : 12 September, 2025

দক্ষিণ আফ্রিকায় কর্মচারীর হাতে বাংলাদেশি ব্যবসায়ী খুন

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : দক্ষিণ আফ্রিকার উইটব্যাংকে নিজ দোকানের কর্মচারীর হাতে খুন হয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী কাজী মহিউদ্দিন পলাশ (৩৫)। নিখোঁজের তিন দিন পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানের ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত পলাশ বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের মরহুম কাজী আমিনুল উল্যাহর ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং প্রায় ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন।

পলাশের ভাই কাজী আলমগীর জানান, কয়েকদিন ধরে পলাশের খোঁজ মিলছিল না। পরে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে হত্যার সূত্র পায়। দেখা যায়, মালাউই নাগরিক এক কর্মচারী হাতুড়ি দিয়ে পলাশকে হত্যা করে দোকানের ফ্রিজে মরদেহ লুকিয়ে পালিয়ে যায়। এখনো সে পলাতক, তাকে ধরতে অভিযান চলছে।

ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান জানান, পরিবারের স্বপ্ন পূরণে পলাশ ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। মরদেহ দেশে আনার জন্য পরিবার সরকারের সহযোগিতা কামনা করেছে।

আরও পড়ুন