
দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানাতে এবং কাতারের প্রতি সংহতি প্রকাশে আরব ও মুসলিম নেতাদের শীর্ষ সম্মেলন আহ্বান করেছে কাতার। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য বৈঠকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি প্রস্তাব গ্রহণ করা হবে। এর আগে রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে খসড়া প্রস্তাব প্রস্তুত হবে।
সরকারি বার্তা সংস্থা কিউএনএ জানিয়েছে, সম্মেলনে ইসরায়েলি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান এবং কাতারের প্রতি আরব ও মুসলিম বিশ্বের সংহতি প্রকাশ করা হবে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বৈঠকে যোগ দেবেন। তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের উপস্থিতি এখনো নিশ্চিত নয়।
গত মঙ্গলবার দোহায় ইসরায়েলি হামলায় পাঁচ হামাস নেতা ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। আন্তর্জাতিক মহল এ হামলার নিন্দা জানিয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোও রয়েছে।
কাতারে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি রয়েছে। পাশাপাশি গাজা যুদ্ধের মধ্যস্থতায়ও দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সূত্র: আল জাজিরা
আপনার মতামত লিখুন :