• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামে গ্রেপ্তার কবিরহাট আ. লীগ নেতা ইব্রাহিম কারাগারে

উপজেলা প্রতিনিধি, কবিরহাট: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কবিরহাট উপজেলা শাখার সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিমকে(৬০) গ্রেপ্তার করেছে চট্টগ্রামের খুলশী থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্রগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরের খুলশী থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ ইব্রাহিম কবিরহাট উপজেলার সুন্দলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী ইদ্রিসের ছেলে এবং কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার ভাই নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীও বর্তমানে কারাবন্দি রয়েছেন।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার গভীর রাতে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে খুলশী থানার পুলিশ। গ্রেপ্তারের পর ইব্রাহিমকে মঙ্গলবার ৫৪ ধারায় আটক দেখিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

মোহাম্মদ ইব্রাহীম আরও বলেন, বিগত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে কবিরহাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তার গ্রামের বাড়ি কবিরহাট উপজেলার সুন্দলপুর গ্রামে। এছাড়া চট্টগ্রামে তার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তার ভাই একরামুল করিম চৌধুরীকেও চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে সে কারাগারে রয়েছে।

আরও পড়ুন