
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ায় শারদীয় দুর্গোৎসবের চাঁদা সংগ্রহে অংশ না নেওয়াকে কেন্দ্র করে দোকানে ঢুকে তাণ্ডব চালানো বিএনপি নেতা রিপন চন্দ্র দাসকে বহিষ্কার ও গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটের একটি ফার্মেসিতে রিপন চন্দ্র দাস ঢুকে পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস ও তার সহকর্মী শিপন চন্দ্র দাসকে মারধর করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রিপন চেয়ারে বসা শিপনকে বেধড়ক মারধর করছেন এবং ছোটনকে একাধিকবার আক্রমণের চেষ্টা করেন। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। রবিবার রাতে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে রিপনকে জহরলাল মার্কেট এলাকা থেকে আটক করা হয় এবং সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়। হাতিয়া থানা সূত্রে জানা গেছে, রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি এলাকায় দীর্ঘদিন ধরে সংঘর্ষ ও চাঁদাবাজির ইন্ধনকারী হিসেবে পরিচিত।
অন্যদিকে, সোমবার বিকেলে জিয়া মঞ্চের সভাপতি মনিরুল ইসলাম মনির ও সাধারণ সম্পাদক শাহ আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়—দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় রিপন চন্দ্র দাসকে জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক পদসহ সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, রিপনের গ্রেফতার ও বহিষ্কার সিদ্ধান্তে এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছে। তবে তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্থায়ী নিরাপত্তা দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :