প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৫

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন কোম্পানীগঞ্জ বিএনপি নেতা

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করে সরকার গঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোঃ ফখরুল ইসলাম। একইসাথে তিনি দ্রুত একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনেরও দাবি জানান।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বসুরহাটে আগমনের পর শত শত নেতাকর্মীর সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও তোড়া দিয়ে তাকে বরণ করে নেয়।

ফখরুল ইসলাম বলেন, “গত ১৫ বছরে এই দেশে কোনো নির্বাচন হয়নি।” আসন্ন নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হয়, এবং কোনোভাবেই যেন ভোট দখলের নির্বাচন না হয়। তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে। আপনারা কোনো বিশৃঙ্খলায় জড়াবেন না বা অন্যদের উস্কানিতে পা দেবেন না।”

উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “নির্বাচনে জয় ছিনিয়ে আনা পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো।”

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, কাজী একরামুল হক, সদস্য একরামুল হক মিলন, হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপন, যুগ্ম আহ্বায়ক জসিম মেম্বার, যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার, যুবদল নেতা গোলাম হায়দার শাহীন, আজিজুল হক রাজু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ ফখরুল ইসলাম ব্যারিস্টার মওদুদ আহমদের অনুপস্থিতিতে দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

আরও পড়ুন