
আবু ছায়েদ শাকিল, কোম্পানীগঞ্জ : কবিরহাট উপজেলায় একটি মডেল মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাটইয়া ও নরোত্তমপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এ ঘোষণা দেন।
ফখরুল ইসলাম বলেন, “আমার দলের প্রধান তারেক রহমান অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। দেশে যেমন মডেল মসজিদ হয়েছে, তেমনি একটি মডেল মন্দিরও থাকা উচিত। বিএনপি সরকার গঠন করুক বা না করুক, আমি ব্যক্তিগত উদ্যোগেই কবিরহাটে একটি মডেল মন্দির নির্মাণ করব।”
তিনি আরও বলেন, “এ দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই, সবাই আমরা বাংলাদেশি। সনাতন ধর্মাবলম্বীরা আমাদের ভাইবোন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। অতীতের মতো কোনো হিন্দু পরিবারকে যেন দেশ ছাড়তে না হয়, সে পরিবেশ তৈরি রাখতে হবে।”
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, আনিছুল হক, সদস্য একরামুল হক মিলন, বসুরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল বাশার বাহার, সাবেক সাধারণ সম্পাদক আবু তোয়াহা এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কবিরহাট সভাপতি অর্জুন ভৌমিকসহ নেতারা উপস্থিত ছিলেন।
ফখরুল ইসলামের মণ্ডপ পরিদর্শন উপলক্ষে শত শত মোটরসাইকেল শোভাযাত্রায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে বরণ করে নেন। পরে তিনি ৩২টি পূজামণ্ডপে নগদ অর্থ ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :