
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে হাতিয়ায় ঢাকেশ্বরী মন্দিরের আদলে একটি আধুনিক ও ঐতিহ্যবাহী মন্দির নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় নেতা, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শাহ নাওয়াজ।
বুধবারে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। মন্দির প্রাঙ্গণে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করে তিনি বলেন, “আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। ধর্ম যার যার, উৎসব সবার।
হাতিয়ায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি পূরণে ঢাকেশ্বরী মন্দিরের ধাঁচে একটি পূর্ণাঙ্গ মন্দির নির্মাণ করা হবে। এ মন্দির শুধু উপাসনালয় নয়, বরং হিন্দু সম্প্রদায়ের সাংস্কৃতিক চর্চারও কেন্দ্র হবে।”
তিনি আরও বলেন, বিএনপি সর্বদা দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। “আমাদের সরকার ক্ষমতায় এলে শুধু উন্নয়নই নয়, প্রতিটি ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই এ দেশের সমান নাগরিক।
তাই হাতিয়ায়ও সম্প্রীতির এই দৃষ্টান্ত আরও শক্তিশালী করতে আমরা কাজ করব।”
মন্দির পরিদর্শন শেষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা শাহ নাওয়াজকে ধন্যবাদ জানান এবং তার উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, হাতিয়ার মতো দূরবর্তী দ্বীপে ঢাকেশ্বরীর আদলে একটি পূর্ণাঙ্গ মন্দির নির্মাণ হলে এটি হবে দ্বীপবাসীর জন্য একটি ঐতিহাসিক অর্জন।স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ শত শত সাধারণ মানুষ এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :