
ছয় বছর পর হারানো গৌরব ফিরে পেলেন নিয়াজ মোরশেদ। ৪৯তম জাতীয় দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। আগেরদিন পর্যন্ত নিয়াজ ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের সমান সাড়ে ৯ পয়েন্ট ছিল। বুধবার শেষ রাউন্ডে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে হারান নিয়াজ। সাকের উল্লাহ’র বিপক্ষে হেরে সাড়ে ৯ পয়েন্টে নিয়ে রানার্সআপ হন ফাহাদ। আর সাড়ে ১০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ৫৯ বছর বয়সী নিয়াজ।
নিয়াজ মোরশেদের এবার শিরোপা লড়াই ছিল আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের সঙ্গে। যিনি মূলত তার শিষ্য। গুরু-শিষ্যের লড়াইয়ের পর জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন নিয়াজ। ১৩ গেমের মধ্যে ৮ টিতে জয় এবং পাঁচটি ড্র করেন নিয়াজ। ২০১৯ সালের পর ফের জাতীয় দাবার সেরা হলেন নিয়াজ। এটি তার সপ্তম জাতীয় দাবার শ্রেষ্ঠত্ব।
১৯৭৯ থেকে ১৯৮২ পর্যন্ত টানা চারবার চ্যাম্পিয়ন ছিলেন নিয়াজ। পরে গ্র্যান্ডমাস্টার হলেও উচ্চ শিক্ষার জন্য দাবা থেকে দূরে ছিলেন। বেশ কয়েক বছর পর আবার দাবা অঙ্গনে ফেরেন। ত্রিশ বছর পর ২০১২ সালে জাতীয় দাবার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেন।
আপনার মতামত লিখুন :