• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩ অক্টোবর, ২০২৫

ফ্লোটিলা আটক: ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দায় তুরস্ক

গাজায় মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলা আটককে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি অভিযোগ করেছেন, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েল মানবাধিকার কর্মীদের ওপর হামলা চালিয়েছে, যারা আসলে গাজার মানুষের সাহায্যে এগিয়ে গিয়েছিলেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) একেপি পার্টির উদ্দেশে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, ‘এই হামলা আবারও প্রমাণ করেছে, ইসরায়েল সরকার গণহত্যাকারী নেতাদের উন্মাদনা দিয়ে গাজায় মানবতাবিরোধী অপরাধ ঢাকতে চাইছে। এ ঘটনার মধ্য দিয়ে ইসরায়েলের বর্বরতাও বিশ্ববাসীর সামনে উন্মোচিত হলো।’
এদিকে ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, আটক তুর্কি নাগরিকদের গ্রেপ্তারের ঘটনায় তদন্ত শুরু হবে। তুর্কি গণমাধ্যম জানায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা অন্তত ২৪ জন তুর্কি নাগরিককে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

প্রসিকিউটরের কার্যালয় জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন উল্লেখ করে বলেছে, ঘটনাটি স্বাধীনতা খর্ব, জাহাজ আটক, লুটপাট ও নির্যাতনের অপরাধ হিসেবে তদন্ত করা হবে। ফ্লোটিলার এক মুখপাত্রের দাবি, আটক নৌকাগুলোতে থাকা প্রায় ২০০ কর্মীর মধ্যে অন্তত ৪৮ জন তুর্কি নাগরিক গ্রেপ্তার হয়েছেন।

এ ঘটনায় বুধবার রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলের পদক্ষেপকে ‘সন্ত্রাসবাদী কাজ’ হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানায়। মন্ত্রণালয় আরও আশা প্রকাশ করে, এই ঘটনা গাজায় যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টাকে ব্যাহত করবে না।

আরও পড়ুন