• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩ অক্টোবর, ২০২৫

আজ শুরু হচ্ছে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : ইলিশের প্রজননকালীন সময়ে মা ইলিশ ও জাটকা রক্ষায় শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে সারাদেশব্যাপী শুরু হচ্ছে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীসহ হাতিয়ার উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ, বাজারজাতকরণ ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

হাতিয়া উপজেলা মৎস্য দফতরের তথ্য অনুযায়ী, উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ২৬ হাজারের বেশি। এর মধ্যে প্রায় ১৫ হাজার জেলে সরকার ঘোষিত ভিজিএফ কর্মসূচির আওতায় পরিবার প্রতি ২৫ কেজি করে চাল সহায়তা পাবেন। তবে নিবন্ধনের বাইরে থাকা প্রায় লক্ষাধিক জেলে কোনো সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন।

শুক্রবার দুপুরে চেয়ারম্যান ঘাট, বাংলা বাজার, সূর্যমুখী, দানারদোল, রহমত বাজার ও চরচেঙ্গা মৎস্য ঘাট ঘুরে দেখা যায়—জেলেরা শেষ মুহূর্তের মাছ ধরায় ব্যস্ত। স্থানীয়রা জানান, রাত ১২টার আগেই সবাই নৌকা নিয়ে তীরে ফিরবেন।

বাংলা বাজারের মাছ ব্যবসায়ী আজমির বলেন, “নিষেধাজ্ঞার সময়টা আরও গবেষণা করে নির্ধারণ করলে ভালো হতো। যদি কিছুটা দেরিতে শুরু হতো, তবে ইলিশের ডিম পেটে আরও ভালোভাবে আসত।”
অন্যদিকে রহমান ঘাটের মাঝি ছালাউদ্দিন অভিযোগ করেন, “আমাদের অনেকেই নিবন্ধনের বাইরে আছি। সরকারি সহায়তা না পেলে এ সময়ে পরিবার চালানো কষ্টকর হয়ে যাবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান জানান, “নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিদিনই মৎস্য বিভাগ, প্রশাসন, নৌপুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করবে। পাশাপাশি জেলেদের মধ্যে বরাদ্দ চাল বিতরণও অব্যাহত থাকবে।

প্রতিবছরের মতো এবারও মা ইলিশের প্রজনন রক্ষায় এই উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ইলিশের উৎপাদন আরও বাড়বে এবং দীর্ঘমেয়াদে জেলেদের আয়-রোজগার সুরক্ষিত হবে।

আরও পড়ুন