
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় ৬ জন অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘Serve For Smail’ (সার্ভ ফর স্মাইল)-এর উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে বসুরহাট হাসপাতাল রোড় কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালের ২য় তলায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।
এসময় শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার জন্য ৪ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিতে ২ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। সহযোগিতা সামগ্রী হাতে পেয়ে সুবিধাভোগীদের মুখে আনন্দের হাসি ফোটে।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালের চেয়ারম্যান সাইফুল্লাহ মনছুর, হাসপাতালের এমডি মিজানুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব জাহেদুর রহমান রাজন এবং দৈনিক ইনকিলাব পত্রিকার নোয়াখালী সংবাদদাতা এহছানুল হক খসরু প্রমুখ।
প্রধান অতিথি অধ্যক্ষ বেলায়েত হোসেন তাঁর বক্তব্যে ‘Serve For Smail’-এর উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “প্রতিবন্ধী মানুষ সমাজের বোঝা নয়। তারা সঠিক সুযোগ পেলে দেশের সম্পদে পরিণত হতে পারে।
এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়, যা সমাজের অন্যদেরও অসহায়দের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।”
বিশেষ অতিথিরা বলেন, এই ধরনের সহযোগিতা শুধু বস্তুগত সাহায্য নয়, বরং প্রতিবন্ধী মানুষের প্রতি সমাজের সহানুভূতি ও দায়িত্ববোধেরই প্রতীক। তারা আশা প্রকাশ করেন, বিতরণের মাধ্যমে পাওয়া এই সামগ্রীগুলো সুবিধাভোগীদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে তাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :