প্রকাশিত: 31 October, 2026
সর্বশেষ আপডেট : 31 October, 2026

মালদ্বীপে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হুমায়ন আকাশ বাংলা টাইমস-ই ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানী মালের সি-বিল্ডিংয়ের মিলনায়তনে মালদ্বীপ যুবদলের উদ্যোগে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।
যুবনেতা আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং যুবনেতা আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, মো. ফারুক, মুক্তার হোসেন, রহিম মিয়া, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,আবু আহমেদ সেলিম মিয়া, মনির হোসেন, ক্রিড়া সম্পাদক মামুন, যুবনেতা মাহাবুব আলম, আবু জাহের, সেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না, যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস, সাংগঠনিক ঐক্য এবং ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকৌশল নিয়ে আলোচনা করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় করার পাশাপাশি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. খলিলুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। তিনি যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও দলের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও, সবাইকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো প্রবাসী ভাই যেন এমন কোনো অপকর্মে জড়িত না হন, যাতে করে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ও সম্মান ক্ষুণ্ন হয়।’
আলোচনা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।পরে নেতাকর্মীদের অংশগ্রহণে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।এ সময় প্রবাসী নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর