প্রকাশিত: 31 October, 2026
সর্বশেষ আপডেট : 31 October, 2026

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারীদের হামলার শিকার সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ

হুমায়ন আকাশ,চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় সংবাদ সংগ্রহ ও তথ্য জানতে চাওয়ায় সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন স্থানীয় পত্রিকানোয়াখালীর বার্তা’-র সম্পাদক এবং ‘ঢাকা টাইমস’এর চাটখিল উপজেলা প্রতিনিধি ও চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রিয়াদ। এ ঘটনায় মাদক ব্যবসায়ীদে মোতাহের হোসেন মোতা (৫০) সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে চাটখিল থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের আফসার উদ্দিন পাটোয়ারী বাড়ির সংলগ্ন মোতাহের হোসেনের দোকানের সামনের এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে মসজিদের দানবাক্স চুরির ঘটনা ঘটছিল। এই সকল চুরি উল্লেখিত সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীদের মাধ্যমেই সংঘটিত হচ্ছিল বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

এজাহার সূত্রে আরও জানা যায়, গত ২২ অক্টোবর সুন্দরপুর ছমর উদ্দিন তপদার বাড়ির জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনার পর স্থানীয় লোকজন দুজনকে আটক করে থানায় সোর্পদ করেন। পরবর্তীতে জানা যায়, এলাকার সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের অন্যতম সদস্য ১ নম্বর বিবাদী মোতাহের হোসেন ওই চুরির টাকা নিজের জিম্মায় রাখেন। সংবাদকর্মী হিসেবে বাদী এ বিষয়ে মোতাহের হোসেনের কাছে বিস্তারিত জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা তার ওপর চড়াও হন।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা কিল, ঘুষি,লাথি এবং লোহার রড দিয়ে বাদীর হাত, পা, বুক,পিঠ ও মাথায় এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। এ সময় আরমান হোসেন নামের আরো একজনকে উদ্দেশ্যে গুরুতর আহত করা হয়। পরবর্তীতে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করেন।

সাংবাদিক নেতার ওপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাটখিল উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক যুগান্তরের চাটখিল উপজেলা প্রতিনিধি মো. আবু তৈয়ব এবং চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ।

সাংবাদিক নেতা মোঃ আবু তৈয়ব ক্ষোভ প্রকাশ করে বলেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে পেশাগত দায়িত্ব পালনকালে একজন সংবাদকর্মীর ওপর সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী ও চোর চক্রের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এই হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এছাড়া চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ বলেন স্বাধীন সাংবাদিকতার ওপর এই আঘাত অত্যন্ত কাপুরুষোচিত। আমরা অবিলম্বে আসামিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় থানায় লিখিত এজাহার পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর