
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতালের সমর্থনে নোয়াখালীতে মিছিল করেছে বিএনপি। এসময় পুলিশকে ইটপাটকেল ছুঁড়লে পুলিশ তিনজনকে আটক করে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়।
জানা গেছে, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের নেতৃত্বে চৌমুহনী বাজারে একটি মিছিল করে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসময় তারা সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। এরপর বড়পোল এলাকায় গেলে পুলিশ তাদের বাঁধা দেয়। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়লে পুলিশ ধাওয়া করে তিন জনকে আটক করে।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে হরতালের সমর্থনে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা, চৌমুহনী পৌরসভা বিএনপি , অঙ্গ ও সহযোগী সংগঠনের শান্তিপূর্ণ মিছিল করেছে। পুলিশ আমাদের শান্তিপূর্ণ হরতাল পালনে বাধা দেয় এবং আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে।
এদিকে হরতালে ভোর থেকেই জেলার বিভিন্ন স্থানে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা, আন্তঃজেলা বাসসহ হালকা যানবাহন চলাচল করতে দেখা যায়। এছাড়াও বেশ কিছু দোকানপাট বন্ধ রয়েছে।
অন্যদিকে সবধরণের নাশকতা এড়াতে জেলাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র্যাবসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোর থেকেই জেলার প্রধান প্রধান সড়কগুলোতে গাড়িযোগে টহল দিচ্ছেন তারা। এছাড়া গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাজারের গলি দিয়ে একটা মিছিল বের হয়। তারপর তারা বড়পোল এলাকায় আসলে পুলিশ তাদের বাঁধা দেয়। পরবর্তীতে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এসময় পুলিশ তিনজনকে আটক করে। ববর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত লিখুন :