প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ৪ জানুয়ারি, ২০২৪

মাইজদীর দুই দোকান থেকে ৩শ মোবাইল ফোন চুরি

উপজেলা প্রতিনিধি, সদর : জেলা শহর মাইজদীর দুটি মোবাইল ফোনের দোকান থেকে ৩শ মোবাইলসহ প্রায় ৬৫ লাখ টাকার স্মার্টফোন চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে প্রধান সড়কের জনতা সুপার মার্কেটের জোনাকী টেলিকম ও মোবাইল ল্যাবে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

জানা গেছে, সিএনজি অটোরিকশা করে আসা কয়েকজন ব্যক্তি সকাল সোয়া ৮টায় দুই দোকানের তালা কেটে নগদ টাকাসহ ৩শ স্মার্টফোন বস্তায় ভরে নিয়ে যায়। এসময় কুয়াশাচ্ছন্ন থাকায় আশপাশের কেউই টের পায়নি। পরে দোকান খুলতে এসে কর্মচারীরা ঘটনার টের পান। এরপর ঘটনার সিসিটিভির ফুটেজসহ থানায় অভিযোগ করা হয়।

জোনাকী টেলিকমের মালিক জাহাঙ্গীর হোসেনের ছোটভাই মাসুদুর রহমান বলেন, সকাল সোয়া ৯টার দিকে দোকানের কর্মচারীরা এসে দেখেন দোকানের তালা নেই ভেতরের মালামাল এলোমেলো। পরে দেখেন দোকানের তাকে সাজানো ২০০ দামি মোবাইল ও ২০টি ডামি মোবাইল এবং ক্যাশের নয় লাখ টাকা নেই। দোকানের বিকাশ রকেট ও নগদের সিমগুলোও চুরি হয়েছে।

মোবাইল ল্যাবের মালিক নুর হোসেনের ভাই কামরুজ্জামান মিথুন বলেন, সকাল সোয়া ৯টায় দোকান খুলতে গিয়ে দেখি তালা নেই। ভেতরে দেখি ৮০টি মোবাইল ফোন নাই এবং ক্যাশে রাখা টাকাও নাই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় চারজন ব্যক্তি ভেতরে ঢুকে সব নিয়ে গেছেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। ইতোমধ্যে পুলিশের তদন্ত শুরু হয়েছে। একইভাবে বেগমগঞ্জের চৌমুহনীতেও আরেকটি ঘটনা ঘটিয়েছিল। সংঘবদ্ধ দলটি জেলার বাহির থেকে এসে ঘটনা ঘটিয়ে চলে যায়। দ্রুত সময়ের মধ্যে চুরি যাওয়া ফোনগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন