
উপজেলা প্রতিনিধি : বেগমগঞ্জের মিরওয়ারিশপুরে বাবার জানাজার ছয় ঘন্টা পর ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খেজুরতলা এলাকার ছানাউল্যাহ চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবা আনার উল্যাহ (৬৮) দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। এরপর লিভার নষ্ট হয়ে বুধবার দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান। বৃহস্পতিবার সকাল ৯টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাবার জানাজা শেষ হওয়ার সাথে সাথে মাসুদ রানার (৪৬) হার্ট অ্যাটাক করে। পরে তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুপুরের দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর ২টার দিকে তিনিও মারা যান। নিহত মাসুদ রানা পেশায় একজন সিএনজি চালক এবং সে ২ সন্তানের জনক ছিল।
মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) শামসুর রহমান বলেন, জানাজা শেষে বাবার মৃত্যুর শোকে তার ছেলে মাসুদ সেখানেই বসে পড়েন। পরে তার অবস্থা আরও খারাপ হতে থাকলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়র পথে তারও মৃত্যু হয়। ঘটনাটি খুবই হৃদয়বিদারক। চৌদ্দ ঘণ্টার ব্যবধানে বাবা ছেলের মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী শোকাহত।
আপনার মতামত লিখুন :