
উপজেলা প্রতিনিধি, সদর: জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ ৩ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের।
শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের নন্দনপুর গ্রামে আবদুল হালিম তহসিলদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়,গভীর রাতে ১০-১২ জনের একদল মুখোশধারী ডাকাত আরিফুর রহমানের নতুন বাড়িতে হানা দেয়। তারা পিছনের গেইট এবং দরজার তালা কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় তার পরিবারের সদস্য স্ত্রী নাজনীন পারভীন (৩০) ও ৫ম শ্রেণিতে পড়ুয়া সন্তান আবরার হোসেনকে (১১) অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে ঘরের চাবি নিয়ে আলমারিতে থাকা টাকা ও ৫ ভরি স্বর্ণ, মোবাইল ফোনসহ বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয়রা বলেন, দীর্ঘ ৪৫ বছর আগে বর্ষার সময় এসব এলাকায় ডাকাতির প্রবণতা খুব বেশি ছিল। ইদানীং সময়ে এসে তা আবার পুরোনো রুপে দেখা দিচ্ছে। এ যেন বর্বরতার যুগে আমাদের বসবাস। এমন ঘটনায় আমাদের ভুক্তভোগী পরিবারগুলোকে বেশ অসহায়ত্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে। সাধারণ মানুষ গুলোও বেশ আতংকে দিনাতিপাত করতে হচ্ছে। আমাদের জানমালের নিরাপত্তার জন্য প্রশাসনের তদারকি জোরদার করা খুবই প্রয়োজন। এসময় স্থানীয়রা জেলা পুলিশ সুপারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
এওজবালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুজ জাহের ও বর্তমান চেয়ারম্যান মো. বেলাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ঘটনায় ভুক্তভোগী পরিবারকে প্রশাসনিক সহায়তার বিষয়ে আশ্বাস প্রদান করেন এবং ভবিষ্যতে ইউনিয়নবাসীকে আরো বেশি সতর্ক থাকার অনুরোধ জানান।
আপনার মতামত লিখুন :