প্রকাশিত: ১ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ১ আগস্ট, ২০২৪

জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাইজদীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

নোয়াখালীর কথা ডেস্ক : “ভরবো মাছে মোদের দেশে-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ৩১ জুলাই (বুধবার) মাইজদীতে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
র‌্যালী শেষে বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মাসুম ইফতেখার।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন। আরো উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক মিরা রানী দাস। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ। জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রতিনিধি, সদর উপজেলা নির্বাহী অফিসার আখিনুর জাহান নীলা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মানস মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার মোঃ ইকবাল হোসেন।

সভায় জেলা প্রশাসক বলেন, আমরা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তবে আমাদের দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের দিকে মৎস্য চাষিদের মনোযোগী হতে হবে। তা ছাড়া দেশী মাছ বিলুপ্ত হয়ে যাবে। তিনি আরো বলেন বর্ষার সময় জেলায় খালি জলাশয় ও কৃষি জমিতে মাছ চাষ এবং মাছ চাষের উপযোগী করার জন্য জেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন বলেন মৎস্য চাষে সংযুক্ত হলো ইলিশ। ইলিশ এখন হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে পুকুরের চাষের সম্ভাবনার তার উন্মোচন হয়েছে। গবেষণার মাধ্যমে উক্ত এলাকায় ইলিশের চাষাবাদ করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে জেলার তিন জন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। তারা হলেন বেগমগঞ্জ উপজেলার আল-বারাকা মৎস্য খামার এন্ড সাইন্টিফিক হ্যাচারির স্বত্বাধিকারী মাসুদুল হক চৌধুরী, সেনবাগ উপজেলার তাই থাই বাংলা সাইন্টিফিক হ্যাচারির স্বত্বাধিকারী মোহাম্মদ ইয়াহিয়া হারুন ও সদর উপজেলার স্বপ্ন মত চাষীর সমবায় সমিতি লিমিটেডের পরিচালক সাংবাদিক রুমানা ইসলাম।
পরে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখস্থ দীঘিতে দেশী মাছ অবমুক্ত করেন জেলা প্রশাসক ও জেলা মৎস্য কর্মকর্তা সহ অন্যান্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন