
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ ও ফেনীর সোনাগাজী উপজেলার ছোট ফেনী নদীর ওপর নির্মিত সাহেবের ঘাট সেতুর সংযোগ সড়কে বিশাল মাটি ধসের ঘটনা ঘটেছে।
এই ধসের ফলে নোয়াখালী থেকে সোনাগাজী উপজেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার বিকেলে এই ঘটনাটি ঘটে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম দুর্ভোগের সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেতুর পশ্চিম অংশে সংযোগ সড়কের মাঝখানে হঠাৎ করে বিশাল গর্ত তৈরি হয়। এতে করে সড়কটি দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, গত সপ্তাহের ভয়াবহ বন্যার ফলে সেতুর নিচের মাটি ও ব্লক সরে যাওয়ার কারণে এই ধসের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা মাটি ধস রোধে বালুভর্তি বস্তা ফেলার চেষ্টা করেছেন, তবে ধসের পরিমাণ এতটাই বড় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।
এদিকে, নোয়াখালীর সঙ্গে সোনাগাজী উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। দ্রুত সড়কটি মেরামতের জন্য স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা নাঈম হোসেন বলেন, “কোম্পানীগঞ্জের কিছু প্রভাবশালীদের নেতৃত্বে সেতুর তলদেশ থেকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করার কারণে বন্যার পানির চাপে সেতুটিতে ভাঙন সৃষ্টি হয়েছে।
নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার জানান, “বন্যার পানির চাপে সাহেবের ঘাট সেতুর সংযোগ সড়ক ভেঙে পড়ার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঢাকা থেকে প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের একটি বিশেষজ্ঞ দল এসে সেতু এলাকা পরিদর্শন করে করণীয় বিষয়ে মতামত দেবেন। তাঁদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করা হবে।”
আপনার মতামত লিখুন :