প্রকাশিত: 14 January, 2025
সর্বশেষ আপডেট : 14 January, 2025

কাদেরের নির্দেশে ১৭ বছর ওয়াজ-মাহফিল বন্ধ ছিল : মোমিত

উপজেলা প্রতিনিধি, কবিরহাট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে গত ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল।

গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাতে জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর গাজিরবাগ আল হেরা নূরানী মাদরাসা ও যুব সমাজের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, কোন ওয়াজ-মাহফিল করতে গেলে তারা বাধা দিত ওবায়দুল কাদের ও তার সাঙ্গপাঙ্গরা। কোনো ভালো বক্তা আসলে সেখান থেকে পুলিশ দিয়ে ধরে নিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হতো। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইসলামের প্রচার-প্রসার আরও বেড়ে যাবে। গত ১৭ বছর মানুষ নোয়াখালীতে ওয়াজ মাহফিল করতে পারে নাই, কোরআন-হাদিসের কথা বলতে পারে নাই। সমাজে আলেমগণ ওয়াজ করলে উপকৃত হয় সমাজ, রাষ্ট্রের লোকেরা। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তাদের অনৈতিক জুলুম, নির্যাতনের কারণে।

তিনি বলেন, আওয়ামী সরকারের পতনের পর আজকে মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মচর্চা করতে পারছে। সমাজে ওয়াজ-মাহফিল বন্ধ থাকলে সমাজে অন্যায়, অত্যাচার, ব্যভিচার বেড়ে যায়।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন আলোচিত ইসলামি বক্তা মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারি। মাহফিলের প্রধান আলোচক ছিলেন নবীপুর ফয়েজিয়া মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা ইয়াছিন করিম।

আরও পড়ুন