
মোহাম্মদ হানিফ নিজস্ব প্রতিবেদক : “স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার। দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার. এমন আগুনঝরা স্লোগানে নোয়াখালীর সোনাইমুড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জয়াগ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সারাদেশের আইনশৃঙ্খলার চরম অবনতি, লাগামহীন হত্যা, সর্বগ্রাসী দখলবাজি, বেপরোয়া চাঁদাবাজি এবং বিএনপির নামে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে আজ শুক্রবার (১৮ জুলাই) সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজার এলাকায় এই বিশাল কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি সরকারের প্রতি তাদের কঠোর বার্তা পৌঁছে দিয়েছে।
বিক্ষোভ মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল গণি পাটোয়ারী মামুন। জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি সবসময়ই ভোটের রাজনীতিতে বিশ্বাসী। গত ১৭ বছর ধরে আমরা জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য নিরন্তর সংগ্রাম করে আসছি। এর প্রতিফলন ৫ই আগস্টে দৃশ্যমান হবে। কিছু সুবিধাভোগী ও উইপোকার মতো দল বলছে নির্বাচনের কোনো দরকার নেই। তাদের এই আচরণ সম্পূর্ণভাবে স্বৈরাচারীদের মতো। দেশের জনগণই ৫ই আগস্টে শেখ হাসিনার পতনের মাধ্যমে বুঝিয়ে দেবে যে নির্বাচন কতটা জরুরি।
‘আমরা জনগণ থেকেই উঠে এসেছি’
বিএনপির নামে কতিপয় দলের মিথ্যা অপপ্রচারের কঠোর প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, কিছু ‘ দল বলছে ক্যান্টনমেন্ট থেকে বিএনপির সৃষ্টি হয়েছে। আমি তাদের প্রশ্ন করতে চাই, আপনাদের সৃষ্টি কোথা থেকে হয়েছে? আপনারা তো বর্তমান সরকারের ছায়াতলে একটি কৃত্রিম দল সৃষ্টি করেছেন, যাদের কোনো জনভিত্তি নেই। কোনো উচ্ছৃঙ্খল বক্তব্য দিয়ে বা ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে অসম্মান করার চেষ্টা করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
বিকেল চারটার সময় জয়াগ কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে মিছিলে অংশ নেয়। চাটখিল-সোনাইমুড়ী সড়ক এবং জয়াগ বাজার প্রদক্ষিণ করে মিছিলটি জয়াগ কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সড়কে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য শামসুল আলম মাসুদ, জয়াগ ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. কামাল হোসেন, জয়াগ ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর আলম, জেলা কৃষক দলের সদস্য ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন বাবলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী নাইম ইসলাম মুরাদ, জয়াগ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মাহমুদুল হাসান শ্রেষ্ঠ, জয়াগের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর আলম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী। এই বিশাল সমাবেশ সোনাইমুড়ীতে বিএনপির সাংগঠনিক শক্তির পরিচয় দিয়েছে।
আপনার মতামত লিখুন :