
উপজেলা প্রতিনিধি, হাতিয়া: হাতিয়ায় প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাশে গড়ে উঠা ইটভাটা বন্ধ করার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের মধ্য মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকার বিভিন্ন পেশার প্রায় ৫ শতাধিক লোকজন। এতে বক্তব্য দেন ব্যবসায়ী আব্দুল মন্নান রানা, কলেজ ছাত্র মো: আতিক, স্থানীয় মো: জামসেদ ও নুরুল আমিনসহ অনেকে।
প্রখর রোদের মধ্যে বেলা ১১টা থেকে শুরু হয়ে এই মানববন্ধন চলে দুপুর ১২টা পর্যন্ত। এতে পুরুষের পাশাপাশি গ্রামের নারীরাও অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাইজচরা গ্রামের ওয়াহাব ব্রিক্স নামে এই ইটভাটাটি ছিল নদীর তীরে। দুই বছর আগে এটিকে স্থানান্তর করে রাস্তার পার্শ্ববর্তী মধ্য মাইজচরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছা কাছি জায়গায় গড়ে তোলা হয়। গত বছর এর ধোঁয়ায় বিদ্যালয়ের পড়ালেখায় অনেক বিগ্নঘটেছে। ছোট ছোট শিশুদের বিদ্যালয়ে যাওয়া আসা করতে অনেক কষ্ট হতো। একই অবস্থা হয় পার্শ্ববর্তী হাজী শাহে আলম তালুক মিয়া নুরানী মাদ্রাসায়।
বক্তারা আরো বলেন, প্রতিদিন সকাল বেলা ইটভাটার ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত। ইটভাটার নিকটবর্তী মানুষের বাড়িতে গাছের পাকা ফলফলাদি ঝরে পড়তো। এছাড়া ইটভাটার এই ধোঁয়ায় আহমদীয়া জামে মসজিদ নামাজ আদায় করতে গিয়ে সমস্যা হতো মুসল্লিদের। এলাকার মানুষজন একাধিকবার এই ইটভাটা বন্ধ করার চেষ্ঠা করলেও কোন ফল পাওয়া যায়নি। এই বছর নতুন করে ইটভাটাটি চালু করার কার্যক্রম শুরু হয়েছে। এর মালিক আওয়ামীলীগ সরকারের আশীর্বাদপুষ্ট হওয়ায় বিগত সময়ে প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। এবার সরকার বদলেছে। অন্তর্বর্তীকালীন সরকার এই অবৈধ ইটভাটা বন্ধের ব্যবস্থা করবেন এমনটাই দাবী করেন তারা।
আপনার মতামত লিখুন :