
উপজেলা প্রতিনিধি, চাটখিল: চাটখিল পৌর-বাজারে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করণের জন্য অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে চাটখিল উপজেলা ও পৌর প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ কর্মসূচিতে সেনাবাহিনী, পুলিশ, আনসার, ছাত্র প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতারা অংশ গ্রহণ করে।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শেখ এহসান উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ।
অভিযানের প্রথম দিনে দুইশোর মতো ফুটপাতের অবৈধ স্থাপনা দখল মুক্ত করা হয়। এসময় ১৪ জন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ফুটপাত দখলমুক্ত হওয়ায় পৌরবাসী স্বস্তি প্রকাশ করেছে। চাটখিল পৌরসভার স্থানীয় বাসিন্দা ইয়াসিন চৌধুরী বলেন, ‘ ফুটপাতের কারণে পৌর বাজারের সড়কে চলাচল কঠিন হয়ে গেছে। এই ফুটপাত গুলোকে দখলমুক্ত করার জন্য আমরা অনেক বছর যাবত দাবি জানিয়ে আসছি। আজকে অভিযান চালিয়ে ফুটপাতকে দখলমুক্ত করা হয়েছে। আশা করি আগামী দিনে ফুটপাতে এরকম দখলমুক্ত থাকবে। চাটখিল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন বলেন, ‘উচ্ছেদ
অভিযান পরিচালনা করার আগে গত কয়েকদিন যাবৎ মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছিলো। অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের এই উচ্ছেদ কর্মসূচি অব্যাহত থাকবে। যেসব দোকানদার পুনরায় অবৈধ দখল কাজের সাথে যুক্ত হবে, আমরা তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ আরো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো।
আপনার মতামত লিখুন :