• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৪ মার্চ, ২০২৫

‘তামিম একেবারে মৃত্যুর দরজায় ছিলেন’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আজ সারাদিন ছিলেন দুশ্চিন্তায়। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে মাঠেই অসুস্থ হয়ে পরেন তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে তখনই নেওয়া হয় হাসপাতালে। জানা গেছে, তিনি পরপর দুইবার হার্ট অ্যাটাক করেন। ফলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেই ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত বেঁচে ফিরেছেন তিনি। তার হার্টে ব্লক ধরা পরার পর রিং পরানো হয়। পরে জ্ঞানও ফিরেছে তার, কথাও বলেছেন তিনি।

হার্ট অ্যাটাক করার পর তামিমের অবস্থা ভীষণ খারাপ ছিল। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে ২২ মিনিট ধরে সিপিআর দেওয়া লেগেছে। ৩ বার ডিসি শক লেগেছে। এমনকি হার্ট পুরো কাজ করা বন্ধও করে দিয়েছিল।

তবে এখনো শঙ্কামুক্ত না হলেও জ্ঞান ফিরেছে তামিমের। তামিমের অবস্থা কতটা খারাপ ছিল তা জানা গেছে মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটুর কথায়। তিনি বলেন, ‘তামিম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন; এটা না বলে বলতে হয়-একেবারে মৃত্যুর দরজায় ছিলেন আসলে। আল্লাহর রহমতে তিনি সেই জায়গা থেকে ফিরে এসেছেন। হাজারে একজন এমন পরিস্থিতি থেকে কামব্যাক করেন।’

এদিকে তামিমের হার্টে রিং পরানো হলেও তার শারিরীক অবস্থার জটিলতা এখনো কাটেনি বলেই জানিয়েছেন কেপিজে স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসা বিষয়ক পরিচালক রাজিব হোসেন। তামিমের সুস্থতার জন্য সব চেষ্টা করা হয়েছে বলেই জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘যত ধরনের চিকিৎসা প্রয়োজন, সবকিছু করা হয়েছে। আল্লাহর রহমতে কন্ডিশনটা অনুকূলে আছে। ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এটার জন্য একটা অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি এবং স্টেন্ট করা হয়েছে। এটা খুব স্মুথলি এবং এফিশিয়েন্টলি হয়েছে। ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন।’

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে আজ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের এই ম্যাচে তিনি টসে উপস্থিত ছিলেন। তবে বুকে তীব্র ব্যাথা অনুভব করায় তাঁকে নেওয়া হয় হাসপাতালে।

দ্রুত তাকে সেবাশুশ্রূষা দিতে এগিয়ে আসে মেডিকেল টিম। বুকে ব্যথার কথা জানালে তৎক্ষণাৎ হেলিকপ্টার উড়িয়ে আনা হয় মাঠে। কিন্তু তামিমের অবস্থা বেশি খারাপ থাকায় তাকে হেলিকপ্টারে ওঠানো যায়নি। জানা গেছে, এনজিওগ্রাম পরীক্ষার মাধ্যমে তামিমের হার্টে দুটি ব্লক খুঁজে পায় ডাক্তাররা। তৎক্ষণাৎ তাকে একটি রিং পরানো হয়েছে।

আরও পড়ুন