
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রপথে মাছ শিকারের দায়ে হাতিয়ায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ টিম ৯৩ জন জেলেকে আটক করেছে। অভিযানে ৬টি ট্রলার থেকে ৬১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৪ লাখ ৬১ হাজার টাকা।
গত ৮ মে রাত ৩টার দিকে হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও উপজেলা মৎস্য বিভাগ।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এফবি মায়ের দোয়া, এফবি আয়ানা, এফবি তাহিয়ান, এফবি সামিয়া, এফবি সাইফুল-২ এবং এফবি মায়ের দোয়া (অন্যটি) নামক ছয়টি মাছ ধরার ট্রলার আটক করা হয়। এসব ট্রলারে থাকা ৯৩ জন জেলেকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইলিশ জব্দ করা হয়।
জব্দকৃত মাছ শুক্রবার (৯ মে) স্থানীয় এতিমখানা, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
পরবর্তীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়েজুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে আটক ট্রলারের মালিকদের মোট ৪ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়।
আর আটক ৯৩ জন জেলেকে মুচলেকা নিয়ে ট্রলারসহ ছেড়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করতে সরকার প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন দেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করে।
আপনার মতামত লিখুন :