• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ১২ মে, ২০২৫

বিএনপি নেতার বিরুদ্ধে সাম্যবাদী আন্দোলনের অফিস দখল-হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : মাইজদীতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা শাখার কার্যালয় দখল এবং এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনের প্রস্তুতিকালে হামলা চালিয়ে দলটির ৫ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ ওঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর শিল্পকলা একাডেমির সামনের সড়কে এ হামলা হয়। তবে, অভিযোগ অস্বীকার করে সাম্যবাদী আন্দোলনের নেতার বিরুদ্ধে সমবায় ব্যাংক মার্কেটের দুটি কক্ষ দখলের পাল্টা অভিযোগ তুলেছেন ওই বিএনপি নেতা।

হামলায় আহতদের মধ্যে সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টুসহ তিনজনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

তারকেশ্বর দেবনাথ নান্টু অভিযোগ করেন, গত ৩০ এপ্রিল সন্ধ্যায় জেলা জজ আদালত সড়কের পাশে সমবায় ব্যাংক মার্কেটে সাম্যবাদী আন্দোলনের জেলা কার্যালয়টি জেলা বিএনপির নব গঠিত কমিটির সদস্য আবদুল মোতালেব আপেল তাঁর লোকজন নিয়ে দখল করেন। এ সময় কার্যালয়ে থাকা ৭/৮ লাখ টাকার আসবাবপত্র নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তারা দলীয় কার্যালয়ে যেতে পারছেন না।

এ ঘটনার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের উদ্দেশ্যে সোমবার ১০টা থেকে সাম্যবাদী আন্দোলনের নেতা-কর্মীরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে জড়ো হন। পরে সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাওয়ার পথে শিল্পকলা একাডেমির সামনে বিএনপি এই নেতা আপেলের লোকজন তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন সাম্যবাদী আন্দোলনের এ নেতা।

তিনি বলেন, হামলাকালীদের লাঠির আঘাতে তিনি, চৌধুরী, আমেনা বেগম, মো. সেলিম ও অভি চক্রবর্তীসহ সাম্যবাদী আন্দোলনের ৫ নেতা-কর্মী আহত হন। হামলাকারীরা সাম্যবাদী আন্দোলনের নেতা-কর্মীদের কাছ থেকে ব্যানার, ফেস্টুন কেড়ে নিয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে উল্টো সাম্যবাদী আন্দোলনের নেতার বিরুদ্ধে সমবায় ব্যাংক মার্কেটের কক্ষ দখলের পাল্টা অভিযোগ তোলেন। সোমবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আবদুল মোতালেব আপেল বলেন, ‘সাম্যবাদী আন্দোলনের নেতা তারকেশ্বর দেবনাথ সমবায় ব্যাংকের দুটি কক্ষ দীর্ঘদিন থেকে দখল করে রেখেছিলেন।

সম্প্রতি সমবায় ব্যাংকের লোকজন রুম দুটি অবৈধ দখলমুক্ত করে। সোমবার লোকজন জড়ো করে তারা আবারও রুমগুলো দখলের প্রস্তুতি নিচ্ছে বলে শুনেছি। এখন তারা নিজেরা নিজেরা মারামারি করে বিএনপি এবং আমাকে এর সাথে জড়ানোর চেষ্টা করছে। আমি নিজে বা বিএনপির কেউ এর সাথে কোনোভাবেই জড়িত নই।’

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন