
উপজেলার প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে ফের রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি নেতা সাহাব উদ্দিনকে হত্যাচেষ্টা মামলার আসামিরা মামলা দায়েরের দু’দিনের মাথায় এবার ছাত্রদল নেতা ও যুবদল কর্মীর ওপর হামলা চালিয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চরএলাহী বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—চরএলাহী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ইমন (২৮) ও তার চাচা যুবদল কর্মী মাসুম (৩০)। বর্তমানে তারা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যাচেষ্টা মামলার আসামিরা বাজারে মানববন্ধন ও বিক্ষোভের চেষ্টা করলে যৌথবাহিনী বাধা দেয়। পরে তারা সাবেক চেয়ারম্যান ইব্রাহীম তোতার বাড়িতে জড়ো হয়ে পুনরায় বাজারে প্রবেশের চেষ্টা করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর বাধা ব্যর্থ হলে সন্ত্রাসীরা সুযোগ পেয়ে ইমন ও মাসুমকে কুপিয়ে আহত করে।
এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, যে কোনো সময় ইব্রাহীম তোতা বাহিনী আবারও বড় ধরনের সংঘর্ষ ঘটাতে পারে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও যৌথবাহিনী মোতায়েন রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আপনার মতামত লিখুন :