প্রকাশিত: 29 December, 2024
সর্বশেষ আপডেট : 29 December, 2024

পরিচালক সমিতির নির্বাচন স্থগিতের কারণ জানা গেছে

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ঘিরে হঠাৎ সবর হয়ে উঠছিল নিবর এফডিসি। সব রকমের প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে এসে তা স্থগিত হয়েছে।

গতকাল (২৮ ডিসেম্বর) শনিবার এফডিসিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনের দুই প্যানেলের একটির সভাপতি ও মহাসচিব পদে নির্বাচন করার কথা ছিল শাহীন সুমন ও শাহীন কবির টুটুলের। অপর প্যানেলের সভাপতি ও মহাসচিব হিসেবে ছিলেন মুশফিকুর রহমান গুলজার ও সাফি উদ্দীন সাফি।

নির্বাচনের স্থগিত হওয়ার কারণ কী? এই প্রশ্নে বদিউল আলম খোকন বলেন, ‘নির্বাচন হবে, একটু সময় লাগবে। সচিবালয়ে আগুনের কারণে এফডিসিতে অনুমতি দিচ্ছে না। এ রকম একটা কথা শুনেছি। আসলে কী কারণে নির্বাচন স্থগিত এটা বলতে পারবেন প্রধান নির্বাচন কমিশনার।’

এই নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করার কথা ছিল আবদুল লতিফ বাচ্চুর। নির্বাচন স্থগিত হওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, ‘এফডিসি যেহেতু আমাদের সম্পত্তি না, আমরা তাদের আওতাভুক্ত, তাই এফডিসি চাইলে আমাদের কর্মকাণ্ড বন্ধ করে দিতে পারে। আমাদের বলা হয়েছে, নির্বাচন এখন স্থগিত করতে। পরবর্তীতে অনুমতি দেওয়া হবে। আমরা সেটা মেনে স্থগিত করেছি।’

বিষয়টির প্রকৃত কারণ জানতে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারাহ শাম্মীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২৪ মেয়াদের কমিটিতে সভাপতি পদে আছেন কাজী হায়াৎ।

 

আরও পড়ুন