প্রকাশিত: 6 July, 2023
সর্বশেষ আপডেট : 6 July, 2023

চিকিৎসকদের বকেয়া পরিশোধে বিএসএমএমইউকে হাইকোর্টের নির্দেশ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ১৫০০ অনাবাসিক চিকিৎসক বকেয়া বেতন-ভাতা পরিশোধের বিষয়ে আন্দোলন করছেন। এমন খবরের বিষয়টি আমলে নিয়ে আগামী ৬০ দিনের মধ্যে ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য সচিব, বিএসএমএমইউ’র ভিসিসহ সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বুধবার (৫ জুলাই) এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনির উদ্দিন।

গত ২৬ জুন জনস্বার্থে রিট করেন আইনজীবী মনির উদ্দিন। রিটে বিএসএমএমইউ হাসপাতালের ১৫০০ অনাবাসিক চিকিৎসকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়। রিটের সঙ্গে অনাবাসিক চিকিৎসকদের বেতন ভাতা পরিশোধ না করায় তাদের আন্দোলন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, বিএসএমএমইউর অনাবাসিক চিকিৎসকদের ৯ মাসের ভাতা বকেয়া রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ভাতার সব টাকা দেওয়া হয়েছে, অথচ বিএসএমএমইউ উপাচার্য বলেছেন তাদের কাছে কোনো তহবিল নেই।

এর ফলে অনাবাসিক চিকিৎসকরা মানবেতর জীবন-যাপন করছেন।

আরও পড়ুন