
নোয়াখালীর কথা ডেস্ক ; বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামে পারিবারিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ছাত্র-জনতা টানা এক ঘণ্টা ধরে ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার দ্বিতল ভবনে হামলা চালায়। বিক্ষুব্ধরা লোহার গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়।
এরপর তার অপর ভাই, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেনের বাড়িতেও হামলা করা হয়। এক পর্যায়ে শাহাদাত হোসেনের একতলা ভবনের সামনের টিনশেড ঘরে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, “ জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদের ওপর হামলা, নিপীড়ন ও হত্যার মাস্টারমাইন্ড ছিলেন ওবায়দুল কাদের। তার নির্দেশেই শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। আওয়ামী লীগের বেশিরভাগ অপকর্মের নেপথ্যে তিনিই ছিলেন।” হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :