প্রকাশিত: 22 May, 2025
সর্বশেষ আপডেট : 22 May, 2025

নিঝুমদ্বীপে বসতঘরে তালা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের একটি পরিবারকে বসতঘর থেকে জোরপূর্বক উচ্ছেদ করে ঘরে তালা দেওয়ার অভিযোগ উঠেছে রাসেল নামে এক স্থানীয় ছাত্রদল নেতার বিরুদ্ধে।

ভুক্তভোগী নবীর উদ্দিন জানান, সরকারিভাবে বন্দোবস্তপ্রাপ্ত ৪৮ শতাংশ জমিতে তিনি ঘর নির্মাণ করে পরিবারসহ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। তিনি অভিযোগ করেন, গত ২১ মে দুপুরে রাসেল ১০-১২ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে তার ঘরে হামলা চালায়, ঘরের মালামাল ভাঙচুর ও লুটপাট করে এবং গাছ কেটে নেয়। বাধা দিতে গেলে তার স্ত্রী ও ছেলেকে মারধর করে আহত করা হয়। পরে ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে তাদের বের করে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ছাত্রদল নেতা পরিচয় দিয়ে রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। ঘটনার পর স্থানীয় কয়েকজন তালা ভেঙে নবীর উদ্দিনের পরিবারকে ঘরে উঠতে সহায়তা করেন।

অভিযুক্ত রাসেল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী। আমরা এই জমি নিয়ে কোর্টে মামলা করেছি এবং আদালত থেকে নিষেধাজ্ঞাও রয়েছে। আমার ভাইয়েরা শুধু বেড়া দেওয়া ঠেকাতে গিয়েছিল, এর বাইরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ বলেন, ‘রাছেল আমাদের ছাত্রদলের কোনো কমিটিতে নেই।দলের সমর্থক, দলের নাম ভাঙিয়ে কেউ যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, তার দায় দল নেবে না। দলের নাম ভাঙিয়ে অপরাধ করার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য নিঝুমদ্বীপ পুলিশ ফাঁড়ির থানায় দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন