প্রকাশিত: 23 May, 2025
সর্বশেষ আপডেট : 23 May, 2025

হাতিয়ায় দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়ায় জমি জবরদখলে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রেহানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন সাগরিয়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল রূপক দাস ও মো. খোকন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিল্লাত উদ্দিন নামের এক ব্যক্তি তার বসতবাড়ির মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনায় সাগরিয়া পুলিশ ফাঁড়ির একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে যায়। পুলিশ সদস্যরা সেখানে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন এবং বিরোধ নিষ্পত্তির জন্য আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।

এ সময় হঠাৎ কয়েকজন দুষ্কৃতিকারী পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং “পুলিশ এখানে কেন এসেছে”, “তাদের কাজ কী?” এমন উসকানিমূলক মন্তব্য করতে থাকে। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং ইটপাটকেল ছুড়ে মারে। এতে রূপক দাস ও মো. খোকন গুরুতর আহত হন।

আহত পুলিশ সদস্যদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. পলাশ দে জানান, একজনের কপালে ও চোখের উপরে এবং অন্যজনের হাতে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা থানায় ফিরে গেছেন।

হাতিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফরহাদ হোসেন বাদী হয়ে হাতিয়া থানায় হামলা কারীদের নামে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন