প্রকাশিত: 4 September, 2025
সর্বশেষ আপডেট : 4 September, 2025

তিন ম্যাচে দুই ভাইয়ের ৪ সেঞ্চুরি

রুবিন হারমান ও জর্ডান হারমান- দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের দুই ভাই। বিশ্ব ক্রিকেটে একই দলে দুই ভাইয়ের খেলার ঘটনা নতুন কিছু নয়। তবে এই প্রোটিয়া দুই ভাই নজর কেড়েছেন নিজেদের ব্যাটিং পারফরম্যান্স দিয়ে।

নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজে দুই ভাই মিলে করেছেন ৪টি সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ে ব্যাট হাতে সবচেয়ে সফল প্রিটোরিয়ার হারমান পরিবারের এই দুই ভাই।

দুজনই করেন দুইটি করে সেঞ্চুরি। অপরাজিত দুই সেঞ্চুরিতে জর্ডান করেন ১০১* ও ১৮৬* রান। আর রুবিনের ব্যাট থেকে আসে ১৫৮* ও ১০৯ রানের দুটি ইনিংস। সিরিজের রান সংগ্রাহকদের তালিকায়ও সবার ওপরে তারা দুই ভাই।

বেনোনিতে গত ৩০ আগস্ট শুরু হয় নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার এই সিরিজ। প্রথম ম্যাচে কিছুই করতে পারেননি ছোট ভাই জর্ডান। তবে দায়িত্ব নেন বড় ভাই রুবিন। মাত্র ৯৩ বলে ১৮ ও ৭ ছক্কায় ১৫৮ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই রুবিনের সর্বোচ্চ রানের ইনিংস।

পরের ম্যাচে একসঙ্গে জ্বলে ওঠেন দুই ভাই। ২৪৯ রানের লক্ষ্যে দ্বিতীয় উইকেটে তারা দুজন গড়েন ১৫৪ রানের জুটি। মাত্র ৯৮ বলে ১০৯ রানের ইনিংস খেলে আউট হন রুবিন। তবে ১০৫ বলে ১০১ রান করে দলের জয় নিশ্চিত করেন জর্ডান।

একই মাঠে বুধবার হওয়া সিরিজের শেষ ম্যাচে শুরুতেই বিদায় নেন রুবিন। বড় ভাই আউট হওয়ার পর উইকেটে যান জর্ডান। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২৬ চার ও ৩ ছক্কায় তিনি খেলেন ক্যারিয়ার সেরা ১৮৬ রানের ইনিংস।

সব মিলিয়ে ২৮৭ রান করে জর্ডানই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। আর ২৮০ রান নিয়ে দুই নম্বরে তার বড় ভাই রুবিন।

লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলে জর্ডানের সেঞ্চুরি ৪টি। এছাড়া ২৮ প্রথম শ্রেণির ম্যাচে তার সেঞ্চুরি আছে চারটি, আর ৫৫টি টি-টোয়েন্টি ম্যাচেও সেঞ্চুরি দুটি। জাতীয় দলের হয়ে এখনও তার অভিষেক হয়নি।

বড় ভাই রুবিন এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলে ফেলেছেন পাঁচটি টি-টোয়েন্টি। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে চার নম্বরে নেমে ৪ ছক্কা ও ৩ চারে ৩৬ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংসে দলকে জিতিয়ে ম্যাচ-সেরার স্বীকৃতি পান তিনি।

আরও পড়ুন