
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম হোসেন চৌধুরী রাফেলের (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা এক টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত গোলাম হোসেন চৌধুরী রাফেল কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য ও টুনু চৌধুরীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের সহসভাপতি ছিলেন। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী শারমিন আক্তার বলেন, কিছুদিন আগে আমার স্বামীর হার্টের অপারেশন হয়েছে। বুকে রিং লাগানো হয়েছিল। কিন্তু তারপর থেকে তিনি নিশ্বাস নিতে কষ্ট পেতেন। আজ সকালে নিশ্বাস নিতে অসুবিধা হওয়ায় আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করেন। কিন্তু দুপুর একটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. জেড. এম. মহিউদ্দিন সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোলাম হোসেন চৌধুরী রাফেল অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। দায়িত্ব পালনে এবং যেকোনো সমস্যা সমাধানে সবার আগে এগিয়ে আসতেন। আমার কথা বলার ভাষা নাই। আমরা সবাই শোকাহত। তার স্ত্রী ও সন্তানদের জন্য দোয়া চাই। তার মরদেহ ঢাকা থেকে নোয়াখালী আনা হচ্ছে। জানাজার সময় নির্ধারণ করা হয়নি। তবে মরদেহ আনার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে গোলাম হোসেন চৌধুরী রাফেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা। এসময় তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।
আপনার মতামত লিখুন :