
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরের চরজব্বর থানাধীন ৩নং চরক্লার্ক ও ৪নং চরওয়াপদা ইউনিয়নের সীমানায় অবস্থিত “কোষ্টাল এগ্রো ডেভেলপমেন্ট প্রজেক্ট লিমিটেড”-এ ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। গত ২৫ নভেম্বর রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোররা প্রজেক্টের পুকুরের ২৫ ফুট দৈর্ঘ্যের বাঁধ কেটে দেয়। এতে পুকুরের মাছ সংযুক্ত খালে চলে যায় এবং প্রজেক্ট কর্তৃপক্ষের প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়।
প্রজেক্টের ম্যানেজার মোঃ আলা উদ্দিন জানান, এই প্রজেক্ট ১২৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত, যেখানে মাছ চাষ ও কৃষি কাজের মাধ্যমে প্রায় ১০০ শ্রমিক জীবিকা নির্বাহ করেন। সাম্প্রতিক মাসগুলোতে চুরির ঘটনা বাড়তে থাকলেও এবার বড় ধরনের এই তাণ্ডবের মাধ্যমে প্রজেক্টকে ব্যাপক ক্ষতির মুখে ফেলে দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে প্রজেক্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে চরজব্বর থানায় অভিযোগ দায়ের করা হয়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে অজ্ঞাতনামা অভিযুক্তদের শনাক্ত করার কাজ এখনো চলমান।বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া।
আপনার মতামত লিখুন :