
বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি, নোবিপ্রবি : বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এর নেতৃত্বে অনুষ্ঠানমালায় বিভিন্ন বিভাগের
শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মহান বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৯৭১ সালের এই দিনে যারা শহীদ হয়েছেন তাদেরকে। রাতের আঁধারে যাদেরকে তুলে নিয়ে শহীদ করেছে পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। এই শহীদদের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এসময় তিনি আরও বলেন, যখন কোনও একটা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করা হয় সেটা ওই জাতির জন্য সবচেয়ে বেশি কষ্টের। শিক্ষকরা, বুদ্ধিজীবীরা জাতি বিনির্মাণে
সবচেয়ে বেশি অবদান রাখেন। আমি আশা করি, জাতির শ্রেষ্ঠ সন্তানরাই আবার নতুন এই দেশকে নেতৃত্ব দিবে এবং শিক্ষক থেকে শুরু করে বুদ্ধিজীবী যারা আছেন তাদের জ্ঞানগর্ভ মতামত এবং মেধা-মনন দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :