প্রকাশিত: 31 December, 2024
সর্বশেষ আপডেট : 31 December, 2024

১ বলে ১৫ রান দিয়ে বিপিএলে বিশ্বরেকর্ড

এবারের বিপিএলে প্রতিশ্রুতি ছিল আদর্শ উইকেটের। বিপিএলের প্রথম দিনে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা গিয়েছিল দারুণভাবে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনের বিচারে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান উঠেছে সোমবার। বড় রানের সেই ধারা বজায় থাকলো দ্বিতীয় দিনের প্রথম ম্যাচেও।

এই ম্যাচে চট্টগ্রাম কিংসের বোলারদের নাভিশ্বাস তুলে ২০৩ রান তুলে খুলনা টাইগার্স।২০৪ রানের লক্ষ্যে খেলতে নামা চট্টগ্রামের প্রয়োজন ছিল দুর্দান্ত এক শুরুর। আর সেটাই চট্টগ্রামকে উপহার দিলেন খুলনার বোলার ওশান থমাস।

নিজেদের ইনিংসের প্রথম ওভারে একের পর এক নো আর ওয়াইডে এক বলেই দিয়েছেন ১৫ রান। ইনিংসের প্রথম বলে নাইম ইসলাম আউট হলেও বেঁচে গিয়েছেন। শেষ পর্যন্ত সেই বলেই উঠল ১৫ রান। তাতে টি-টোয়েন্টি ক্রিকেটে এক বলে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্বরেকর্ডও দেখল বিপিএল।

এর আগে এক বলে ১৩ রান নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে এমন কীর্তি করেছিলেন ভারতের এই ওপেনার। সেবার ৭ রান তিনি পেয়েছিলেন নো-বল থেকে আর ১টা ছিল ছক্কার মার।

 

আরও পড়ুন