প্রকাশিত: 1 January, 2025
সর্বশেষ আপডেট : 1 January, 2025

চাটখিলে বই উৎসবের ব্যানারে শেখ হাসিনার ছবি

উপজেলা প্রতিনিধি, চাটখিল ; চাটখিলে একটি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে বই উৎসব করা হয়েছে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টায় চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২২৪ জন। বুধবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে উৎসবের আয়োজন করা হয়।

এতে তিন শ্রেণির ৪৪ জনের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। আবুল কালাম আজাদ নামের একজন অভিভাবক বলেন, ‘বই উৎসবের অনুষ্ঠানে টাঙানো ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখে সবাই প্রতিবাদ করতে থাকেন। এসময় শিক্ষকদের বলা হলেও তারা ওই ব্যানার দিয়েই অনুষ্ঠান চালিয়ে যান। পরে কয়েকজন অভিভাবক ব্যানারের ছবি তুলে ফেসবুকে দেন।’ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ বলেন, ‘প্রধান শিক্ষক ইকবাল হোসেন চৌধুরী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অবসরে গেলে আজ থেকে আমি ভারপ্রাপ্ত দায়িত্বে আছি। ভুল করে গত বছরের ব্যানার টাঙিয়ে বই উৎসব করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়ে গেছে। বিষয়টির জন্য আমরা দুঃখিত।’ উপজেলা

শিক্ষা কর্মকর্তা আবদুল হান্নান পাটোয়ারী বলেন, বই বিতরণে কোনো উৎসব করার নির্দেশনা ছিল না। সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রীর ছবিসহ ব্যানার দিয়ে অনুষ্ঠানের বিষয়টি আমার জানা নেই। খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনসুর আলী বলেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ভুল কীভাবে হয়? এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।

আরও পড়ুন