
উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে সাইফুল ইসলাম নামক একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারী) দুপুরে উপজেলার বদলকোট ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব উসমান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এক্সেভেটর দিয়ে আবাদি জমির মাটি কেটে ড্রাম ট্রাকে করে অন্যত্র নিয়ে যাচ্ছেন। পরে সেখানে
অভিযান পরিচালনা করে এক্সেভেটরটি জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব উসমান বলেন, কৃষি জমির সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে প্রশাসনের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে তিনি সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :