প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০২৫

দীর্ঘ ৩০বছরেও চর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ে উন্নয়নের ছোঁয়া লাগেনি

কামাল উদ্দিন, সুবর্ণচর : সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চর আমানউল্যাহ উচ্চ বিদ্যালয়টির বেহাল অবস্থা। চর আমানউল্যাহ ইউনিয়নের পিছিয়ে পড় জনগোষ্ঠীকে অগ্রসর করার জন্য ১৯৯৪ সালে সমাজ সংস্কারক হাজী আব্দুল মতিনের দানকৃত ভূমিতে স্থানীয় জনগণের উদ্যোগে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।

প্রতিষ্ঠার ৩০বছর পার হলেও এই বিদ্যালয়ে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি।প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে জরাজীর্ণ টিনশিড ও সেমিপাকা ঘরে ঝুঁকি নিয়ে ছাত্র-ছাত্রী নিয়মিত ক্লাস করছে।সুবর্ণচর উপজেলা থেকে প্রায় ২কিলোমিটার পূর্বে ৬নং চরআমান উল্যাহ ইউনিয়নের ৩নং কাটাবুনিয়া ওয়ার্ডে মনোরম পরিবেশে অবস্থিত এই বিদ্যালয়টি।তারপাশে অবস্থিত কাটাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগার বাজার জামে মসজিদ।সেই অতীত থেকে বর্তমান পর্যন্ত অত্র এলকার শিক্ষা ও সভ্যতার বিকাশের মাধ্যম এই বিদ্যালয়টি।

সারাদেশে যখন শিক্ষা ও সভ্যতার বিকাশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ঠিক সে সময় অবহেলায় দিন পার করছে চরআমান উল্যাহ উচ্চ বিদ্যালয়।এই বিদ্যালয়ের ৫কি:মিটারের ভিতরে কোন উচ্চ বিদ্যালয় নেই,তাই এই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৬০০ এর অধিক।কিন্তু এই অধিকসংখ্যক ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষক মাত্র ১২জন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিনের পুরোনো বিদ্যালয়টির বেহাল অবস্থা।বিদ্যালয়ের মূল ভবন সেমি পাকা ঘরটি তৈরি করা হলেও এর ভিটি এখনো কাঁচা, উপরের টিনের চালা ফুটা থাকায় বৃষ্টি হলে ছাত্র-ছাত্রী শ্রেণীকক্ষে বসতে পারেনা। বর্ষাকালে অধিকাংশ সময় পাঠদান করা সম্ভব হয়না।
টিনশিডের ঘরটি ভাঙ্গা হওয়াতে এখানে ছাত্র-ছাত্রী ঝুঁকি নিয়ে ক্লাস করে,কারণ প্রকৃতিগত কারণে যেকোন সময় তা ভেঙ্গে পড়তে পারে।শিক্ষকদের বসার রুমটির অবস্থাও নাজুক, যেখানে শিক্ষকদের কোনঠাসা হয়ে বসতে হয়।এছাড়া স্কুলের শৌচাগারটি ও ব্যবহার অনুপযোগী, ছাত্র-ছাত্রীদের জন্য নেই কোন কমনরুম।

এছাড়া এই বিদ্যালয়ের অবকাঠামো দুর্বল হওয়াতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ বিদ্যালয়ের জরুরী কাগজপত্র চুরির সম্ভাবনা রয়েছে।এই বিষয়ে স্কুলের শিক্ষকরাসহ এলাকার স্থানীয় জনগণের প্রাণের দাবি, বর্তমান সরকারের প্রশাসনের কর্মকর্তারা এই বিদ্যালয়ের উন্নয়নে কার্যকরী প্রদক্ষেপ গ্রহণ করবে।

আরও পড়ুন