
মোহাম্মদ হানিফ, সোনাইমুড়ী ; সোনাইমুড়ীতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। গভীর রাতে একদল ডাকাত দরজা ভেঙে বসত ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে। এসময় গৃহকর্ত্রী ও তার ছেলেকে হাত-পা বেঁধে মারধর করে। শনিবার(২২ ফেব্রুয়ারী) রাত আড়াই টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের সালাহ উদ্দিন কন্ট্রাকটরের বাড়িতে এই ঘটনা ঘটে।এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী নাটেশ্বর ইউনিয়নের মোঃ আকতার হোসেনের ছেলে মোঃ সালাহ উদ্দিন বাদি হয় রবিবার(২৩ ফেব্রুয়ারী) দুপুরে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে জানা যায়, নাটেশ্বর গ্রামের ব্যবসায়ী সালাহ উদ্দিনের বসত ঘরে শনিবার গভীর রাতে বিল্ডিংয়ের মূল দরজা ভেঙে মুখোশধারী একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। ব্যবসায়ী ও তার স্ত্রী আকলিমা(৩৬) এবং ছেলে আল-আমীন(১৫)কে হাত-পা বেঁধে মারধর করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা চার ভরি স্বর্ন ও নগদ ১০ লক্ষ ১৭ হাজার টাকা লুট করে। এসময় দুটি মোবাইল ও একটি মোটরসাইকেল নিয়ে যায় ডাকাত দল। ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা।
ভুক্তভোগী সালাহ উদ্দিন জানান, তার ফার্নিচার ব্যবসার জন্য গচ্ছিত টাকা, স্ত্রীর স্বর্ণালংকার, মোবাইল ও মোটরসাইকেল লুটকরে নিয়ে যায় সঙ্ঘবদ্ধ ডাকাত দল। ধস্তাধস্তিতে মুখোশধারী ডাকাতদের মধ্যে তিনজনের মুখোশ খুলে যায়। তাদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্যবসায়ী সালাহউদ্দীন নাটেশ্বর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও স্থানীয় জামায়াত ইসলামি সংগঠনের সক্রিয় কর্মী। তার বাড়ি থেকে গতকাল রাতে চিৎকার-চেচামেচির শব্দ শুনে এগিয়ে যান। তখন কিছু লোকজনকে মোটরসাইকেলে চড়ে চলে যেতে দেখেন।
তবে সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম এই বিষয়ে জানান, এক ব্যবসায়ীর বাড়িতে রাতে চুরি বা পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছেন। রবিবার দুপুরে ভুক্তভোগী ব্যবসায়ী একই গ্রামের তিনজনের নাম উল্লেখ ও ৫-৬ জনকে অজ্ঞাত দেখিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :