
উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী ; সোনাইমুড়ীতে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) বিকালে নাটেশ্বর ইউনিয়নের বটতলী এলাকায় এই আয়োজন করা হয়। এসময় ডাকাতির ঘটনায় নাটেশ্বর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক কাজী সালাউদ্দিন এর নামে থানায় অভিযোগ ও হয়রানির প্রতিবাদ জানান নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন জানান, কয়েকদিন পূর্বে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখেন নাটেশ্বরে ডাকাতির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় তাকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন।
সেই সাথে প্রশাসনের কাছে ঘটনার সত্যতা যাচাই করে সুষ্ঠ তদন্তের দাবি জানান। ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক কাজী সালাউদ্দিন বলেন, যেই ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাকে আমি চিনিনা। আমি বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকায় স্বৈরাচারী শাসনামলে হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছি। বর্তমানে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে একটি মহল মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। সংবাদ সম্মেলন নাটেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান নুরুল আমিন স্বপন বক্তব্য রাখেন। তিনি বলেন, সালাহউদ্দীন নামের এক ব্যক্তি থানায় যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক কাজী সালাউদ্দিনের নামে ডাকাতির অভিযোগ দিয়েছেন।
তবে এই অভিযোগ রাজনৈতিক স্বার্থে দেওয়া হয়েছে। অভিযোগকারী সালাহউদ্দীন আওয়ামী শাসনামলে আওয়ামী লীগ ছিলেন। সেসময় মাদক ও মাটি ব্যবসার সাথে যুক্ত ছিলেন। এখন ভোল পাল্টে জামায়াতে রাজনীতি করছেন। রাজনৈতিক স্বার্থে এই মামলা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এসময় এধরণের কর্মকাণ্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে এই ঘটনায় পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নাটেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান নুরুল আমিন স্বপন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি খালেক পাটোয়ারী, নাটেশ্বর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক কাজী সালাউদ্দিন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমির হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নিয়ামত হুদা মাসুম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল বাপ্পি প্রমুখ। এসময় সংবাদ সম্মেলন কক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :