প্রকাশিত: ১০ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ১০ মার্চ, ২০২৫

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে নোয়াখালী কলেজ ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী নারী ও শিশুদের বিরুদ্ধে অব্যাহত সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি ও বিচারহীনতা সংস্কৃতির প্রতিবাদে মানববন্ধন সমাবেশ করেছে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (১০ মার্চ) সকালে নোয়াখালী সরকারি কলেজের সামনের সড়কে কলেজ ছাত্রদলের উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানানো হয়।

এসময় ছাত্রদল নেতারা অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তারা যে দলেরই হোক না কেন, তাদের পরিচয় তারা ধর্ষক। সরকারের উচিত বিচার বিভাগকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে এসব অপরাধীর বিচার নিশ্চিত করা। যদি সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে অতীতের ন্যায় ভবিষ্যতেও আরো বড় কর্মসূচি পালন করবেন বলে হুঁশিয়ারি প্রদান করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

মানববন্ধন-সমাবেশে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শিদুর রহমান রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সোহাগ ও সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বিশাল।

এসময় অন্যান্যের মধ্যে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু ও নোয়াখালী পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব জিহাদুল ইসলাম সজীবসহ নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশব্যাপী নারী ও শিশুদের বিরুদ্ধে অব্যাহত সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি ও বিচারহীনতা সংস্কৃতির প্রতিবাদে জেলার কবিরহাট উপজেলায়ও মানববন্ধন-সমাবেশ করেছে ছাত্রদল। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন