
উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের জাবেদ হোসেন গত ২৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জাবেদ ইউনিয়ন যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘদিন ধরে জাবেদের কোনো সন্ধান না পাওয়ায় তার পরিবারে উৎকণ্ঠা বিরাজ করছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন তথ্য জানান জাবেদের স্ত্রী শারমিন আক্তার রুপা।
সংবাদ সম্মেলনে জাবেদের স্ত্রী জানান, গত জুলাই মাসে ইরাক থেকে দেশে আসেন জাবেদ। বিদেশ যাওয়ার আগে ও বিদেশ থেকে আসার পর আবারও তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। গত ১৫ মার্চ রাতে তার স্বামী বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরে আসেননি তিনি। ওই রাতে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তারা জানতে পারেন জাবেদকে গুলি করে হত্যা করা হয়েছে। এরপর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ও সম্ভাব্য স্থানে খোঁজা-খুঁজি করেও জাবেদকে পাওয়া যায়নি। পরে এ ঘটনায় ১৬ মার্চ তিনি বাদী হয়ে চাটখিল থানায় একটি নিখোঁজ ডায়েরি এবং ১৮ মার্চ আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৫ জনের নাম উল্লেখ্য করা হয়েছে। কিন্তু এখনও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার কোনো সন্ধান দিতে পারেনি।
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করার সময় আমরা জানতে পারি, স্থানীয় কয়েকজনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে জাবেদের বিরোধ চলে আসছিল। তাদের মধ্যে কেউ জাবেদকে অপহরণ করেছে বলে তিনি ধারণা করছেন। অভিযোগের পর চাটখিল থানা পুলিশ জাবেদের সবশেষ অবস্থান (লোকেশন) সোনাইমুড়ী উপজেলার দশঘরিয়া এলাকায় বলে জানিয়েছেন।
২৩ দিন পার হলেও প্রশাসন তার স্বামীর কোনো সন্ধান দিতে না পারায় হতাশা প্রকাশ করে রুপা বলেন, বর্তমানে আমি সাত মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় আমি দুই ছেলেকে নিয়ে মানবতের জীবন যাপন করছি। এখন পর্যন্ত আমরা জানি না, জাবেদ কি বেঁচে আছে নাকি কেউ তাকে খুন করেছে। জাবেদকে উদ্ধারের জন্য তিনি প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
প্রসঙ্গত, ওইদিন থেকে জাবেদের সঙ্গে একই এলাকার সোহাগ নামেরও একজন নিখোঁজ রয়েছেন। জাবেদ ও সোহাগ একসঙ্গে চলাফেরা করতেন। পুলিশ সোহাগের সবশেষ লোকেশন কুমিল্লা ও জাবেদের দশঘরিয়া পান বলে জানিয়েছে।
আপনার মতামত লিখুন :