প্রকাশিত: ৪ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ৪ মে, ২০২৫

ট্রেনের দাবিতে নোয়াখালীতে ছাত্র-জনতার রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দকৃত নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে মাইজদী কোট স্টেশনে চলছে ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে নোয়াখালীর সর্বস্তরের জনগণ।

রোববার (৪ মে) সকাল ৬টা থেকে মাইজদী রেলস্টেশনে সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে শিক্ষার্থী ও সাধারণ জনতা রেললাইনে অবস্থান নেন। এতে ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম বলেন, ২০২৩ সালে নোয়াখালী-ঢাকা রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে নতুন আন্তঃনগর ট্রেন বরাদ্দ দেওয়া হলেও এখনও তা চালু হয়নি। এই রুটের যাত্রীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে বাস সিন্ডিকেট নানাভাবে সাধারণ মানুষকে জিম্মি করছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের জন্য নির্ভরযোগ্য ট্রেন সার্ভিস অত্যন্ত জরুরি।

অবরোধে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, আমরা বহুদিন ধরে এই ট্রেনের অপেক্ষায় আছি। অথচ কোনো অজানা কারণে ট্রেন চালু করা হচ্ছে না। তাই বাধ্য হয়েই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি। ৪৮ ঘণ্টার মধ্যে কোনো আশ্বাস না পেলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।

মো. আসাদুজ্জামান নামের এক যাত্রী বলেন, আমরা দাবির পক্ষে একমত তবে ভোগান্তির মধ্যে আছি। আমরা জরুরি কাজে যেতে পারছি না। দ্রুত একটা ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে মাইজদী কোর্ট স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ৬টায় ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও অবরোধের কারণে ছেড়ে যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। তারা কি সিদ্ধান্ত দেয় সেই অপেক্ষায় আছি।

এবিষয়ে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।

আরও পড়ুন