
হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-তে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত আগত শিক্ষার্থীদের আবাসন ও খাবারের সুনির্দিষ্ট ব্যবস্থার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে এবং তাদের সুস্থ, নিরাপদ পরিবেশে স্থায়ী হতে সহায়তা করতেই এই মানবিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। উদ্যোগটির আওতায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে আবাসন ও খাবারের বিনামূল্য ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, আমরা বিশ্বাস করি শিক্ষা, ঐক্য ও প্রগতির মুলনীতিতে ছাত্রসমাজের পাশে থাকা আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। এই উদ্যোগ তারই অংশ।
উল্লেখ্য, এই কর্মসূচি সুবর্ণচরের কৃতিসন্তান, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
এর আগেও নাছির উদ্দিন নাছিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চালু ছিল।
স্থানীয় নেতাকর্মীদের মতে, নাছির উদ্দিন নাছির শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং একজন সংগঠক হিসেবে ছাত্রদের সুখ-দুঃখের সাথী হয়ে ওঠেছেন। তার এই পদক্ষেপ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এবং তাদের আর্থিক ও আবাসন সমস্যা সমাধানে ছাত্রদলের এই মানবিক প্রচেষ্টা শিক্ষার পরিবেশকে আরও সহানুভূতিশীল করে তুলছে। এটি একটি অনুকরণীয় উদাহরণ হিসেবেই বিবেচিত হতে পারে।
আপনার মতামত লিখুন :