প্রকাশিত: ২১ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ২১ মে, ২০২৫

মিফতাহুল উলুম রহিমউদ্দিন শাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়া উপজেলার ৩নং সুখচর ইউনিয়নে নবনির্মিত মিফতাহুল উলুম রহিমউদ্দিন শাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলচিরা ইসলামি মাদ্রাসার পরিচালক এবং আফাজিয়া বাজার জামে মসজিদের খতিব মুফতী মোস্তাফা আল কাশেমী ও মাওলানা শামসুল হক।

অনুষ্ঠানে কুরআন ও হাদিস থেকে তাফসির পেশ করেন মুফতী মোস্তাফা আল কাশেমী। এছাড়া হেফজ বিভাগের ১০ জন ছাত্রকে হিফজের নতুন ছবক প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এলাকার শিশুদের জন্য ধর্মীয় শিক্ষার একটি নতুন দ্বার উন্মোচিত হয়েছে। আমরা আশা করি এখান থেকে অনেক হাফেজে কুরআন বের হবে। মাদ্রাসা পরিচালনায় স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। সবাই মিলে এই প্রতিষ্ঠানকে সাফল্যের দিকে এগিয়ে নিতে হবে।”

প্রাথমিকভাবে মাদ্রাসায় নূরানী শিক্ষা, নাযেরা ও হিফজুল কুরআন বিভাগ চালু করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণিকক্ষ, আবাসিক ব্যবস্থা এবং অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন হিফজ বিভাগের ছাত্র নাহিদুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম।

উদ্বোধনী আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। এই মাদ্রাসার উদ্যোগকে এলাকার ধর্মীয় শিক্ষা বিস্তারের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি একটি পূর্ণাঙ্গ দ্বীনি শিক্ষাকেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্চে।

আরও পড়ুন